নারায়ণগঞ্জের নিজ বাসায় ফিরেছেন আইভী
নারায়ণগঞ্জের নিজ বাসায় ফিরেছেন আইভী
জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসা চুনকা কুটিরে ফেরেন তিনি।
নিজ বাসায় ফিরে আইভী তার কারামুক্তির জন্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি চাই সবাইকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবে।
এর আগে জামিনে মুক্তি পেয়ে রাত ১০টা ১০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন আইভী।
সেখান থেকে গাড়িতে সরাসরি চলে যান নারায়ণগঞ্জের মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে। সেখানে তিনি বাবা-মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি বাসায় ফেরেন।
গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরো নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।