রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম (জর্জ) জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
যেভাবে ঘটেছিল ঘটনা
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন দুই তরুণী ও তাদের কয়েকজন বন্ধু এক বন্ধুর জন্মদিন উদযাপন শেষে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বাসায় ফেরার জন্য অটোরিকশার অপেক্ষায় ছিলেন।
এ সময় অভিযুক্তরা একটি অটোমিশুক নিয়ে এসে তাদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, দুই তরুণীর বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে দুই তরুণীকে রতনের খামার এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
তদন্তে আরও উঠে আসে, ঘটনার সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীদের মোবাইল ফোন নিয়ে যায়।
তদন্তে গুরুত্বপূর্ণ আলামত
ঘটনার চার দিন পর ভুক্তভোগীদের একজনের বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে র্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইল ফোনে ঘটনার ভিডিও পাওয়া যায়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আদালতে উপস্থাপন করা হয়।
পরবর্তীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই শরজিৎ কুমার ঘোষ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতের পর্যবেক্ষণ
মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত, তদন্ত প্রতিবেদন এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত ছয় আসামিকেই দোষী সাব্যস্ত করেন। আদালত তাদের আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া আদায়কৃত অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
