মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত
মানিকগঞ্জে শিশু হত্যার অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত
`
Mahi Liakat
Central Buro Prodhan (CBP) Dhaka
আপলোড সময় : 17 এপ্রিল 2026 02:58:19 অপরাহ্ন
ছবির ক্যাপশন
মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে ৯ বছরের এক শিশুকন্যাকে হত্যার অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকার নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা অটোচালক পান্নু মিয়া (৪৫), তার ভাই ফজলু (২৮) এবং পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) আটক করে গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া ও ফজলু নিহত হন এবং নাজমুল গুরুতর আহত হন। আহত নাজমুলকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাতেও পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।