নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে সেলেসাওরা। ম্যাচে হেরে দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মারকিনিওস। সেই সঙ্গে সব দায় নিয়েছেন নিজের কাঁধে।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারায়েস পেনাল্টি মিস করেন। পরে সহজ সুযোগে গোল মিস করেন এন্দ্রিক। বিপরীতে সুযোগ কাজে লাগিয়েছেন আর্লিং হলান্ড। তার জোড়া গোলেই জিতেছে নরওয়ে।
ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, এখন এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এবং যারা মাঠে এসে আমাদের খেলা দেখেছেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী প্রজন্মের যারা দলে থাকবে, তাদের জন্য আমি দেশের মানুষের কাছে এখন থেকেই সমর্থনের অনুরোধ করছি। সামনে চারটি বছর সময় আছে, তারা যেন কঠোর পরিশ্রম করতে পারে এবং আগামী বিশ্বকাপে বড় কিছু অর্জন করতে পারে।
মার্কিনিয়োস বলেন, নরওয়ে দলের খেলোয়াড়রা আজকে তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে, আমরা আমাদের পাওয়া সুযোগগুলো হেলায় হারিয়েছি। আমরা পেনাল্টি পেয়েছিলাম, আরো বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয় বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে যে দল কম ভুল করবে, তারাই পরের পর্বে যাবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে।
আমি মনে করি দোষটা আমারই, তাই না? একজন অধিনায়ক হিসেবে এবং দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধে তুলে নেওয়া উচিত, যাতে নতুন প্রজন্মের ওপর চাপ না পড়ে এবং তারা শান্তিতে কাজ করার সুযোগ পায়।
