সেরাটা চান মিরাজ
সেরাটা চান মিরাজ
-
আপলোড সময় : 11 মার্চ 2026 01:28:12 অপরাহ্ন
ছবির ক্যাপশন
পাকিস্তানের পেসারদের গতি ও বাউন্স সামলানোর প্রস্তুতিটা তানজিদ তামিম, সাইফ হাসানরা সেরে নিয়েছেন একাডেমি মাঠের কোনায় সিমেন্টের উইকেটে অনুশীলন করে। থ্রোয়ারের বলে হুক, পুল খেলেছেন। পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে সাবলীল ব্যাটিংয়ের পরিকল্পনায় একাডেমির সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। আরেক কোনায় স্বাভাবিক অনুশীলন করেছে মিরাজ বাহিনী। ঘরের মাঠ মিরপুরের পরিচিত উইকেটে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন ভিন্ন ভিন্ন উইকেটে। ক্রিকেটারদের অনুশীলন দেখে মনে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে মোকাবিলা করতে মিরাজ, নাজমুল, লিটন দাসরা পুরোপুরি প্রস্তুত। আজ বেলা সোয়া ২টায় মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে চলতি বছর অনেক টি-২০ ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। অথচ এই প্রথম ওয়ানডে ফরম্যাটে খেলবেন। টাইগার ক্রিকেটাররা ওয়ানডে খেলবেন গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এ থাকতে হবে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে গত জুলাইয়ে টি-২০ সিরিজ টাইগাররা জিতেছিল ২-১-এ। পাকিস্তান দীর্ঘ ১১ বছর পর ওয়ানডে সিরিজে খেলতে এসেছে বাংলাদেশে। ২০১৫ সালে টাইগাররা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। এবারও সুযোগ রয়েছে। সফরকারী পাকিস্তান স্কোয়াডে রয়েছেন ছয় আনকোড়া ক্রিকেটার। যারা ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। এমন ক্ষয়িষ্ণু শক্তির দলের বিপক্ষে সিরিজ জয়ের টার্গেট থাকলেও টাইগার অধিনায়ক মিরাজের চোখ র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮। চলতি বছর ঘর ও বাইরে মিলিয়ে ২২টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সে অর্থে পরিকল্পিত ক্রিকেট খেলতে চাইছেন টাইগার অধিনায়ক মিরাজ, ‘এ বছর আমরা অনেক বেশি ওয়ানডে ম্যাচ খেলব। ২০২৩ বিশ্বকাপের পর আমরা বেশি ওয়ানডে খেলিনি। খেললেও অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। এ বছর আমাদের অনেক বেশি ওয়ানডে আছে, সেজন্য পরিকল্পনাটা করতে পারব। এ ছাড়া র?্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে। সে হিসেবে প্রত্যেকটা সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ের চিন্তা মাথায় থাকলেও আমরা প্রত্যেকটা সিরিজের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। আশা করি একটা ভালো ফল আসবে।’
মিরাজকে এক বছরের জন্য নেতৃত্ব দেওয়া হয়েছে। চলতি জুনেই সেটা শেষ। ওয়ানডে বিশ্বকাপ আগামী বছর। বিশ্বকাপে কি মিরাজকে নেতৃত্বে দেখা যাবে, উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্ত নয়। বিসিবিতে যারা আছেন তাদের সিদ্ধান্ত। আমার সঙ্গে এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু পাকিস্তান সিরিজটা গুরুত্বপূর্ণ, তাই মনে করছি এই সিরিজের পরে হয়তো আলোচনা হবে।’
টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত এক সময় মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলির প্যাটার্নে ক্রিকেট খেলত। অস্ট্রেলিয়া খেলছে প্যাট কামিন্সের প্যাটার্নে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখন কোন প্যাটার্নে ক্রিকেট খেলবে? কোন ব্র্যান্ড অনুসরণ করবে? বিশ্বকাপের টার্গেটে বাংলাদেশ ক্রিকেট খেলবে বলেন মিরাজ, ‘আমাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। এজন্য আমরা একটা পরিকল্পনা করছি। আগে ওয়ানডে ফরম্যাটে আমরা অনেক ভালো ফল পেয়েছি। অবশ্যই তখন একটা প্যাটার্ন ছিল। সিনিয়র ক্রিকেটার ছিলেন। একসঙ্গে অনেক খেলেছি বলে একটা প্যাটার্ন বুঝতে পেরেছে। এখন তারা খেলছে না। এখন যারা আছে, তাদের দায়িত্ব নিতে হবে। ওডিআই ফরম্যাট এমন একটা খেলা, যার পরিস্থিতি সবাইকে বুঝতে হবে। দায়িত্ব কীভাবে হ্যান্ডল করতে হবে, সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই ব্যাটারদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেক পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালে দ্বিতীয় এশিয়া কাপে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দুই দল ৩৯টি ওয়ানডে খেলেছে। পাকিস্তানের জয় ৩৪ এবং বাংলাদেশের জয় পাঁচটি। পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে। এরপর ২০১৫ সালে ঘরের মাটিতে টানা তিন ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করেছিল। এরপর ২০১৮ সালে আবুধাবিতে এশিয়া কাপে জিতেছিল। এবার সুযোগ রয়েছে। পাকিস্তানের স্পিন সামলাতে টি-২০ অধিনায়ক লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। লিটন সাধারণত সাদা বলে ওপরের দিকে ব্যাটিং করেন।
পাকিস্তান স্কোয়াডে ছয় নতুন মুখ। শক্তিমত্তায় একটু পিছিয়ে। তারপরও ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হালকা মেজাজে নিচ্ছেন না টাইগার অধিনায়ক, ‘কোনো দলকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই। কেননা প্রত্যেকটা দলই আন্তর্জাতিক ক্রিকেট দল। পাকিস্তান দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। তারা ভালো খেলেই দলে সুযোগ করে নিয়েছেন। অবশ্য ঘরের মাটিতে খেলছি বলে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখি। আমাদের দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে।’
নিউজটি আপডেট করেছেন : Mahi Liakat
কমেন্ট বক্স